মিসরের জয় ছিনিয়ে নেয়া হয়েছে : দাবি নিউইয়র্ক সিটির মেয়রের

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি দাবি করেছেন, আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ মিসরের জয় ‘ছিনিয়ে নেয়া হয়েছে’। এদিকে রেফারিং ও ভিএআর নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল ফেডারেশন।

নয়া দিগন্ত অনলাইন
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি |সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ আর্জেন্টিনার বিপক্ষে মিসরের নাটকীয় হারের নাটকীয় হার নিয়ে বিতর্ক থামছেই না। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

এই মুসলিম মেয়রের দাবি, ম্যাচটি ন্যায্যভাবে শেষ হয়নি; বরং মিসরের কাছ থেকে জয় ‘ছিনিয়ে নেয়া হয়েছে’।

মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই রেফারিং ও ফিফার নানা সিদ্ধান্ত নিয়ে ব্যপক সমালোচনা শুরু হয়।

এরই একদিন পর দ্রুতগতির বাসসেবা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মামদানি বলেন, ‘২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ আর্জেন্টিনার বিপক্ষে মিসরের জয় ছিনিয়ে নেয়া হয়েছে।’

মূলত পরিবহন প্রকল্পের প্রসঙ্গ টানতে গিয়ে হঠাৎ বিশ্বকাপের চলমান বিতর্ক নিয়ে মন্তব্য করেন মামদানি। বলেন, ‘এতে আপনারা বন্ধুদের সাথে বসে এটাও বলতে পারবেন যে গতকাল মিসরকে বঞ্চিত করা হয়েছে।’

তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ও নতুন করে আলোচনার জন্ম দেয়। অবশ্য গত দু’দিন ধরেই আলোচনায় রেফারির পক্ষপাতমূলক আচরণ। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ ফুটবল সমর্থকেরা।

এদিকে ম্যাচের রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল ফেডারেশন। সভাপতি হানি আবু রিদা ম্যাচে নেয়া একাধিক সিদ্ধান্ত ও ভিএআর ব্যবহারের যথার্থতা নিয়ে তারা প্রশ্ন তুলছেন।

বিশ্বকাপের অন্যতম আলোচিত এই ম্যাচ ঘিরে বিতর্ক এখনো থামেনি। মামদানির মন্তব্য এবং মিসর ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক অভিযোগ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।