ভিনিসিউসকে নিয়ে আর কথা বলতে চায় না রিয়াল মাদ্রিদ

রিয়ালের যুক্তি, ফ্রি ট্রান্সফারে আসা খেলোয়াড়দের মতো বড় অঙ্কের সাইনিং বোনাস দেয়া হবে না। বিপরীতে ভিনিসিউসের প্রতিনিধিদের দাবি, বর্তমান বাজারে তার বিকল্প কিনতে যে অর্থ ব্যয় করতে হতো, তাদের দাবি তার তুলনায় অনেক কম।

নয়া দিগন্ত অনলাইন
ভিনিসিউস জুনিয়র
ভিনিসিউস জুনিয়র |ফাইল ছবি

দুই বছরের টানাপোড়েনের পর এবার কঠোর অবস্থান নিয়েছেন রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের সাথে চুক্তি নবায়নের আলোচনা আর দীর্ঘায়িত করতে চায় না স্প্যানিশ জায়ান্টরা। ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, সর্বশেষ প্রস্তাবই চূড়ান্ত—এবার সিদ্ধান্ত নেয়ার পালা ভিনিসিউসের।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ও স্প্যানিশ দৈনিক মার্কা জানায়, নতুন চুক্তির বিষয়ে আর কোনো দর-কষাকষিতে রাজি নয় রিয়াল। ভিনিসিউস প্রস্তাব গ্রহণ করলে তিনি ক্লাবেই থাকবেন, আর রাজি না হলে চলতি গ্রীষ্মকালীন দলবদলেই তাকে বিক্রির জন্য প্রস্তুত থাকবে লস ব্লাঙ্কোসরা।

রিয়ালের সবচেয়ে বড় চিন্তা, ভিনিসিউস যেন চুক্তির শেষ বছরে প্রবেশ করে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে না পারেন। সেই ঝুঁকি এড়াতেই এখনই ভবিষ্যৎ পরিষ্কার করতে চায় ক্লাবটি।

এদিকে রিয়ালের এই অবস্থান স্বস্তি এনে দিতে পারে আর্সেনালকে। ইএসপিএনের দাবি, ভিনিসিউস ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলে তাকে দলে টানার দৌঁড়ে এগিয়ে থাকতে চায় প্রিমিয়ার লিগের ক্লাবটি। যদিও বিভিন্ন সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত আর্সেনালের সাথে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

বিশ্বকাপ শেষে আগামী সোমবার প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেয়ার কথা ভিনিসিউসের। তবে তার আগে নতুন কোনো বৈঠকের দিনক্ষণও ঠিক হয়নি। ক্লাবের বিশ্বাস, এখন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব পুরোপুরি ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, চুক্তির মূল জট বেতন নয়, বরং সাইনিং বোনাস। বর্তমানে ব্যক্তিগত বোনাসসহ বছরে প্রায় এক কোটি ৮৫ লাখ ইউরো আয় করেন ভিনিসিউস, যেখানে রিয়ালের সর্বোচ্চ বেতনসীমা দুই কোটি ইউরো। তাই সমস্যা বেতনে নয়, পাঁচ বছরের চুক্তির মোট আর্থিক প্যাকেজে।

রিয়ালের যুক্তি, ফ্রি ট্রান্সফারে আসা খেলোয়াড়দের মতো বড় অঙ্কের সাইনিং বোনাস দেয়া হবে না। বিপরীতে ভিনিসিউসের প্রতিনিধিদের দাবি, বর্তমান বাজারে তার বিকল্প কিনতে যে অর্থ ব্যয় করতে হতো, তাদের দাবি তার তুলনায় অনেক কম।

২০১৮ সালে রিয়ালে যোগ দেয়া ভিনিসিউস ইতোমধ্যে ক্লাবটির হয়ে দু’টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন এবং দুই ফাইনালে গোল করেছেন। তবে চুক্তি জটিলতা দ্রুত না কাটলে নতুন মৌসুমে তার ভবিষ্যৎই হতে পারে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় আলোচনার বিষয়।