তুরস্কের ক্লাবে যোগ দিচ্ছেন মোহাম্মদ সালাহ

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেয়া সালাহ অ্যানফিল্ডে কাটিয়েছেন স্মরণীয় নয়টি মৌসুম। এই সময়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ সালাহ
মোহাম্মদ সালাহ |সংগৃহীত

লিভারপুলের সাথে দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি আগেই টেনেছেন মোহাম্মদ সালাহ। এবার নতুন ঠিকানা হিসেবে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরকে বেছে নিচ্ছেন তিনি। মিসরীয় এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে তুর্কি ক্লাবটি।

ট্রাবজনস্পোর জানিয়েছে, বুধবার সালাহ প্রথমে ইস্তাম্বুলে পৌঁছাবেন। এরপর একই দিন ট্রাবজনে গিয়ে মেডিক্যাল সম্পন্ন করে চুক্তি সই করার কথা রয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই তারকা দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন।

সৌদি প্রো লিগ ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) থেকে প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত ইউরোপেই ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালাহ। বেসিকতাসও তাকে দলে নেয়ার চেষ্টা করেছিল, তবে আলোচনা সফল হয়নি।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেয়া সালাহ অ্যানফিল্ডে কাটিয়েছেন স্মরণীয় নয়টি মৌসুম। এই সময়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন তিনি। জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, দুটি লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।

২০২৪-২৫ মৌসুমে ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট করে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়, গোল্ডেন বুট ও প্লেমেকার- তিনটি ব্যক্তিগত পুরস্কারও জিতেছিলেন এই মিসরীয়। তবে গত মৌসুমে তার পারফরম্যান্সে কিছুটা ছন্দপতন ঘটে।

কোচ আর্নে স্লটের সাথে সম্পর্কের অবনতি এবং নিয়মিত একাদশে সুযোগ না পাওয়ার জেরে শেষ পর্যন্ত লিভারপুল ছাড়েন তিনি। এরপর ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাবের খোঁজে ছিলেন সালাহ।

গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হওয়া ট্রাবজনস্পোর আগামী মৌসুমে উয়েফা ইউরোপা লিগের প্লে-অফে খেলবে। সালাহর আগমনে ক্লাবটির শক্তি ও শিরোপার লড়াইয়ে সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছে নিশ্চিতভাবেই।