জয় উদযাপনে আহত ইংরেজ ফুটবলার

মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর জয় উদযাপনের সময় পড়ে গিয়ে চোট পেয়েছন ইংল্যান্ডের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। চোটের পর তাকে স্ট্রেচারে মাঠ ছাড়িয়ে হাসপাতালে নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
উদযাপনের সময় চোট পেলেন ইংল্যান্ডের হেন্ডারসন।
উদযাপনের সময় চোট পেলেন ইংল্যান্ডের হেন্ডারসন। |সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার মহানন্দের মাঝেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির। মেক্সিকোর বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচ জয়ের পর উল্লাস করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ম্যাচ শেষে উদযাপনের সময় আকস্মিক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মেক্সিকোকে হারিয়ে এক দিকের গোলপোস্টের পেছনে ইংল্যান্ডের সমর্থকদের সামনে উল্লাস করছিলেন হ্যারি কেনেরা। গান গাইছিলেন তারা। উল্লাসের মাঝে মাঠের পাশের বোর্ড টপকাতে গিয়ে পা পিছলে পড়েন হেন্ডারসন। বাজেভাবে পড়েন তিনি।

সতীর্থকে পড়ে যেতে দেখে ইংল্যান্ডের ফুটবলারেরা ছুটে যান। সকলে গোল করে ঘিরে রাখেন তাকে। ফিজিও কিছু ক্ষণ সেখানে হেন্ডারসনের চোট খতিয়ে দেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারপরেই দেখা যায়, স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। কোচ টমাস টুখেলকে বেশ চিন্তিত দেখায়।

পরে সাংবাদিকদের সামনে হেন্ডারসনের চোট নিয়ে মুখ খোলেন হ্যারি কেন। তিনি বলেন, ‘ও পড়ে গিয়ে চোট পেয়েছে। ওর কব্জিতে লেগেছে।’

তবে হেন্ডারসনের চোট কতটা গুরুতর তা বলেননি কেন।

ইংল্যান্ডের এই দলে হেন্ডারসন অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে একজন। তিনি সাধারণত প্রথম একাদশে থাকেন না। কিন্তু কঠিন পরিস্থিতিতে তার উপর ভরসা করেন টুখেল। মেক্সিকো ম্যাচ যদি অতিরিক্ত সময়ে গড়াত, তা হলে হয়তো হেন্ডারসনকে নামাতেন তিনি। কিন্তু তার প্রয়োজন পড়েনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা