এ বছর বিপিএল নাও হতে পারে : বিসিবি সভাপতি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি বছর বিপিএল মাঠে গড়াবে কি না, সেটিই এখন নিশ্চিত নয়।

ক্রীড়া প্রতিবেদক

Location :

Dhaka City
বিসিবি সভাপতি তামিম ইকবাল
বিসিবি সভাপতি তামিম ইকবাল |নয়া দিগন্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি বছর বিপিএল মাঠে গড়াবে কি না, সেটিই এখন নিশ্চিত নয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজেই জানিয়েছেন, এ বছর বিপিএল নাও হতে পারে।

আজ দেশের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘এ বছর নাও হতে পারে বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরো ভালো বলতে পারবেন।’ অর্থাৎ এখনো টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

তবে বিপিএল বন্ধ করে দেয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে—বিষয়টি এমন নয়। বরং তামিমের বক্তব্যে উঠে এসেছে টুর্নামেন্টটিকে আরো গোছানো ও মানসম্মত করার পরিকল্পনা। তার মতে, শুধু আয়োজনের জন্য বিপিএল আয়োজন করতে চান না তারা।

তামিমের ভাষায়, বিপিএলে যেন মূল আলোচনা হয় ক্রিকেট নিয়ে, ম্যাচের ফল ও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে। টাকাপয়সা, পারিশ্রমিক কিংবা অন্যান্য নেতিবাচক খবর যেন টুর্নামেন্টের আলোচনার কেন্দ্রবিন্দু না হয়, সেটিই চান তিনি।

কারণ হিসেবে বিসিবি সভাপতি জানান, বিপিএল একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করে।

এর আগে গত ৩০ জুলাই বিসিবি সভাপতি জানিয়েছিলেন, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া তাড়াহুড়ো করে পরবর্তী বিপিএল আয়োজন করতে চায় না বোর্ড। তিনি স্পষ্ট করে বলেন, শুধু আয়োজন করার জন্য বিপিএল আয়োজন করা হবে না। ভবিষ্যতে আয়োজন করা হলে সেটি প্রয়োজনীয় মান বজায় রেখেই করার পরিকল্পনা রয়েছে।

ফলে এবার বিপিএলের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—সময়মতো মানসম্মত আয়োজনের প্রস্তুতি নেয়া সম্ভব হবে কি না। এখন পর্যন্ত পরবর্তী আসরের আনুষ্ঠানিক সূচিও ঘোষণা করা হয়নি।

এদিকে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বিপিএল না হলে বাংলাদেশের প্রস্তুতিতে প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নও উঠেছে। তামিম অবশ্য মনে করেন, এ বছর বিপিএল আয়োজন সম্ভব না হলেও ২০২৭ সালে আরো ভালোভাবে টুর্নামেন্টটি আয়োজন করা যেতে পারে।