১০৫ রানে পঞ্চম উইকেট পতনের পর ক্রিজে এসে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার শতকে প্রথম দিন ২৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০৯ রানে অপরাজিত থাকেন মিরাজ। জবাবে দিন শেষে ২ উইকেটে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের লড়াকু সেঞ্চুরি আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দেবে বলে জানান মিরাজ।
প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে বিসিবির পাঠানো ভিডিওতে মিরাজ বলেন, ‘যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, তাই এই সেঞ্চুরি আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মাইন্ড সেটআপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি তাহলে আমার জন্যই ভালো হবে। পাশাপাশি দলের জন্যও ভালো হবে।’
ডারউইনের মারার ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০৫ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ব্যাট হাতে ক্রিজে আসেন মিরাজ। সতীর্থদের সাথে ছোট-ছোট জুটি গড়েন তিনি। তারপরও ১৯৪ রানে নবম উইকেট হারিয়ে ২০০-র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে শেষ উইকেটে খালেদ আহমেদের সাথে ৬৯ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ।
শেষ ব্যাটার হিসেবে খালেদ আউট হলেও, ১০৯ রানে অপরাজিত থেকে যান মিরাজ। তার ১৪১ বলের ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা ছিল।
নিজের লড়াকু ইনিংস নিয়ে মিরাজ বলেন, ‘প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে।’
অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাট করা কঠিন ছিল বলে জানান মিরাজ। তিনি বলেন, ‘আমার জন্য কঠিন ছিল, যেহেতু এই প্রথম এই কন্ডিশনে খেলছি। আমি উইকেটের সাথে মানিয়ে নিতে চেষ্টা করেছি। জুটি গড়ারও চেষ্টা করেছি।’
তিনি আরো বলেন, ‘প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কিভাবে উইকেটে মানিয়ে নেয়া যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে।’
আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে লড়বে দু’দল। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ।



