আইসিসির বিশ্বকাপ প্রচারে নেই টাইগারদের কোনো ম্যাচ!

১৯৯৯ সালে পাকিস্তানকে হারিয়ে প্রথম বড় চমক, ২০০৭ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে বিদায়, আর ২০১৫ সালে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল |ফাইল ছবি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দামামা যেন বেজেই গেল। যদিও এখনো ১৪ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি, সূচিও অনেক দূরের বিষয়। তবে বিশ্বকাপের প্রচারণা শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

সম্প্রতি তিন আয়োজক দেশ—দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াকে নিয়ে ২ মিনিট ২৫ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশের পর এবার নতুন আরেকটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি।

সেই ভিডিওতে বিশ্বকাপ ইতিহাসের অসংখ্য স্মরণীয় মুহূর্তের পাশাপাশি জায়গা পেয়েছে বাংলাদেশের দর্শকদের উন্মাদনাও। তবে বিস্ময়করভাবে সেখানে নেই বাংলাদেশের কোনো ম্যাচ কিংবা ঐতিহাসিক জয়ের দৃশ্য।

ভিডিওটির ক্যাপশনে আইসিসি লিখেছে, ‘ক্রিকেটের ইতিহাসকে নতুন এক রূপ দিয়েছে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ২০২৭ বিশ্বকাপে শুরু হতে যাচ্ছে আরেকটি নতুন অধ্যায়।’

ভিডিওতে দেখা যায়, স্যার ক্লাইভ লয়েডের ট্রফি উদযাপন, শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি, শেন ওয়ার্নের জাদুকরী স্পিন, বিরাট কোহলির উচ্ছ্বাস, মহেন্দ্র সিং ধোনির সেই বিশ্বকাপজয়ী ছক্কা, ওয়াসিম আকরামের স্মরণীয় উদযাপন, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের মুহূর্ত—এমনকি আয়ারল্যান্ডেরও একটি স্মরণীয় দৃশ্য রাখা হয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রে দেখানো হয়েছে শুধুই গ্যালারিভর্তি সমর্থকদের উচ্ছ্বাস। ধারণা করা হচ্ছে, এটি ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে প্রবাসী বাংলাদেশীদের উদযাপনের দৃশ্য।

কিন্তু সেই ম্যাচের রুবেল হোসেনের অবিস্মরণীয় বোলিং কিংবা টাইগারদের ঐতিহাসিক জয়ের কোনো মুহূর্তই ভিডিওতে স্থান পায়নি। অথচ ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের রয়েছে একাধিক স্মরণীয় অর্জন।

১৯৯৯ সালে পাকিস্তানকে হারিয়ে প্রথম বড় চমক, ২০০৭ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে বিদায়, আর ২০১৫ সালে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া—এসবই বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।

কিন্তু আইসিসির প্রচারণামূলক ভিডিওতে সেই অর্জনের কোনো প্রতিফলন দেখা যায়নি। যা হতাশ করেছে বাংলাদেশী সমর্থকদের।

এদিকে জোহানেসবার্গে আয়োজিত অনুষ্ঠানে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২টি ভেন্যুর নাম ঘোষণা করেছে আইসিসি। আটটি ভেন্যু থাকবে দক্ষিণ আফ্রিকায়, তিনটি জিম্বাবুয়েতে ও একটি নামিবিয়ায়। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ১৪ দলের এই আসর।

২০১১ ও ২০১৫ সালের মতো এবারো বিশ্বকাপে খেলবে ১৪টি দল। তবে টুর্নামেন্টের কাঠামোয় কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন সংস্করণে মোট ৫৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।