বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন এক ঐতিহ্য চালু করতে যাচ্ছে বিসিবি। আগামী জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মৌসুম থেকেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া ক্রিকেটারদের দেয়া হবে বিশেষ ‘গ্রিন ক্যাপ’।
টেস্ট ক্রিকেটে অভিষেকের স্মারক হিসেবে ‘গ্রিন ক্যাপ’ পাওয়ার প্রচলন দীর্ঘদিনের। এবার ঘরোয়া ক্রিকেটেও একই রীতি চালু করা হচ্ছে। মূলত এর মাধ্যমে ক্রিকেটারদের কাছে প্রথম শ্রেণির ক্রিকেটের মর্যাদা আরো বাড়িয়ে তুলতে চায় বোর্ড।
বিসিবি’র টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটকে আরো আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ করে তুলতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে, নতুন সূচি অনুযায়ী আগের মতোই জাতীয় ক্রিকেট লিগ দিয়েই শুরু হবে দেশের ঘরোয়া মৌসুম। তবে এবার যুক্ত হচ্ছে নতুন এনসিএল মাইনর লিগ, যেখানে মূল একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাবেন।
ইংলিশ কাউন্টি ক্রিকেটের আদলে এই লিগ আয়োজনের পরিকল্পনা আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। শুধু তাই নয়, এনসিএলের প্রতিটি দলে একজন করে বিদেশী ক্রিকেটার রাখার পরিকল্পনাও করছে বিসিবি।
এ লক্ষ্যে কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন সিরাজউদ্দীন। এ ছাড়া অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের জন্য নতুন ‘রাইজিং টাইগার্স’ টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি এইচপি (হাই পারফরম্যান্স) ইউনিট ভেঙে অনূর্ধ্ব-২৩ জাতীয় দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন এই টুর্নামেন্ট থেকেই ভবিষ্যৎ জাতীয় দলের ক্রিকেটার বাছাইয়ে গুরুত্ব দেয়া হবে।



