অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। তিন পেসার মিলে ভেঙে দিয়েছে ইনিংসের মেরুদণ্ড। দ্বিতীয় সেশনেও ছিল টাইগারদের আধিপত্য। বিপরীতে স্বাগতিকদের হয়ে একাই লড়াই করছেন স্টিভেন স্মিথ।
ডারউইন টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনটাও বাংলাদেশের। এই সেশনেও বোলাররা তুলে নিলেন ৪ উইকেট। তবে প্রথম সেশনে ৭৪ রান করা অস্ট্রেলিয়া এই সেশনে তুলেছে ১০৯ রান। অজিদের সংগ্রহ ১৮৩/৮।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বুধবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাটিং করছে স্বাগতিকরা।
ম্যাচের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার ওপেনার জেক ওয়েদারাল্ডকে ২৩ রানে ফিরিয়ে দেন তিনি। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়েদারাল্ড। ৪৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি।
দ্বিতীয় উইকেট পেতে সময় লাগেনি। ১৪তম ওভারে ফিরে হাসানই এনে দেন উপলক্ষ। তার বল ভেঙে দেয় ট্রাভিস হেডের উইকেট। হেড আউট হন ৩৯ বলে ২২ করে। ৫২ রানে অজিরা হারায় দ্বিতীয় উইকেট।
এরপর ইবাদতের করা ১৭তম ওভারের দ্বিতীয় বলে তৃতীয় স্লিপে স্টিভেন স্মিথের ক্যাচ নিতে পারেননি তানজিদ তামিম। তখন তার রান ২। বল ব্যাটে লেগে বেশ নিচু হয়ে এলেও ক্যাচটি নেয়ার মতো ছিল।
স্মিথের মতো ‘বিগ ফিশ’ ব্যাটসম্যানের ক্যাচ ছাড়ার চড়া মূল্য দিতে হচ্ছে বাংলাদেশকে। ইতোমধ্যে ফিফটি তুলে নিয়েছেন তিনি। একাই ধরে রেখেছেন দলের হাল। ৪৮ ওভার শেষে ব্যাট করছেন ৯৬ বলে ৬৭ রানে।
অবশ্য স্মিথের উইকেট না পেলেও পরের ওভারে এসে উইকেট এনে দেন ইবাদত। খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে শান্তকে ক্যাচ দিয়ে ফিরেন মার্নাস লাবুশানে। ২০ বলে ১ রান আসে তার ব্যাটে।
এরপর উইকেটে নাম লেখান তাসকিন আহমেদ। ২২ তম ওভারের শেষ বলে শর্ট মিড উইকেটে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন ক্যামেরন গ্রিন। ১৩ রানে ফিরেন তিনি। ২৯ রানের ভেতর ৪ উইকেট হারায় অজিরা।
মধ্যাহ্নভোজের বিরতির পর থেকেই দারুণ ব্যাট করতে থাকেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। ৮৫ বলে ৫৫ রান যোগ করেন দু’জনে। তবে জুটি আরো বড় হওয়ার আগেই তা ভাঙেন ইবাদত, ৪৩ বলে ১৯ করে বোল্ড হন অ্যালেক্স ক্যারি।
পরের উইকেটগুলো আসে দ্রুতই। ৩৮.৩ ওভারে ১৫২ রানের মাথায় ওয়েবস্টার ফিরেন (১২) তাসকিনের শিকার হয়ে। পরের দুই উইকেট হাসানের। ফেরান প্যাট কামিন্স (৯) ও মিচেল স্টার্ককে (১)। ১৭৬ রানে অষ্টম উইকেট হারায় অজিরা।
এই মুহূর্তে ২ রানে জীবন পাওয়া স্মিথের সাথে ব্যাট করছেন নাথান লায়ন। সবকিছু ঠিক থাকলে নিশ্চয়ই দুইশ’র আগেই অজিদের গুটিয়ে রাখার চেষ্টা করবে টাইগাররা।


