এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে টাইগাররা

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে পুরুষদের ক্রিকেট ইভেন্ট। আর ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নারী ক্রিকেটের লড়াই।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেটে প্রথম রাউন্ডে খেলার ঝক্কি পোহাতে হচ্ছে না বাংলাদেশকে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে টাইগাররা। বাংলাদেশ ছাড়াও একই সুবিধা পেয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেটের ড্র। সেখানে দেখা গেছে, পুরুষদের বিভাগে মোট ১০টি দল অংশ নিলেও শীর্ষ চার দল সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। ফলে প্রথম রাউন্ড না খেলেই শেষ আটের লড়াইয়ে নামবে বাংলাদেশ।

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে লড়বে আফগানিস্তান, স্বাগতিক জাপান ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপ থেকে সেরা দু’টি দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে পুরুষদের ক্রিকেট ইভেন্ট। টুর্নামেন্টের সব ম্যাচই হবে টি-টোয়েন্টি সংস্করণে। আর ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নারী ক্রিকেটের লড়াই।

নারীদের ইভেন্টে অবশ্য শুরু থেকেই নকআউট লড়াই। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। ভারত খেলবে স্বাগতিক জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কা মুখোমুখি হবে মালয়েশিয়ার ও পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড।

২০২৩ সালের এশিয়ান গেমসে ক্রিকেটে আধিপত্য দেখিয়েছিল ভারত। পুরুষদের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারতকে স্বর্ণপদক দেয়া হয়।

আর নারী বিভাগের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে শিরোপা জেতে ভারতীয়রা। এবার এতোটা সহজ হবে না লড়াই। শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে এশিয়ার ক্রিকেটের পরাশক্তিরা।