বিদেশী নির্ভরতা কমাতে কিউরেটর তৈরিতে বিসিবির নতুন উদ্যোগ

বিদেশী নির্ভরতা কমাতে প্রথমবারের মতো ৩০ জন স্থানীয় কিউরেটর নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করছে বিসিবি।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) |সংগৃহীত

দেশের ক্রিকেটে আন্তর্জাতিক মানের উইকেট প্রস্তুত করতে এবার দেশীয় কিউরেটর তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিদেশী বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমিয়ে দক্ষ স্থানীয় জনবল গড়ে তুলতেই প্রথমবারের মতো পিচ কিউরেটরদের জন্য সনদভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে সংস্থাটি।

আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লেভেল-১ পিচ কিউরেটর প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণটি পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং।

বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন জানান, দেশের কিউরেটর ও মাঠকর্মীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই প্রথমবারের মতো এই সনদভিত্তিক কোর্স চালু করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে নির্বাচিত ৩০ জন কিউরেটর এই কর্মশালায় অংশ নেবেন। প্রশিক্ষণে তাত্ত্বিক পাঠের পাশাপাশি মাঠে হাতে-কলমে উইকেট প্রস্তুত ও রক্ষণাবেক্ষণের বাস্তব অভিজ্ঞতাও দেয়া হবে।

প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণদের লেভেল-১ সনদ প্রদান করা হবে। বিসিবির বিশ্বাস, এই উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে আন্তর্জাতিক মানের দেশীয় পিচ কিউরেটর তৈরি হবে এবং মাঠ ও উইকেট ব্যবস্থাপনায় বিদেশী বিশেষজ্ঞদের ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।