নাম নয়, পারফরম্যান্সই হোক বিশ্বকাপ দল নির্বাচনের মাপকাঠি

বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে কে কতটা কার্যকর পারফরম্যান্স করতে পারছেন, সেটিই দল নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন নান্নু।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু |নয়া দিগন্ত অনলাইন

নাম-খ্যাতি নয়, সাম্প্রতিক পারফরম্যান্সকেই দল নির্বাচনের প্রধান মাপকাঠি করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার মতে, বিশ্বকাপের মতো বড় আসরের দল গড়তে হলে প্রতিষ্ঠিত নামের পাশাপাশি তরুণদেরও পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ দিতে হবে।

নান্নু প্রধান নির্বাচক থাকাকালে ২০২৩ সালে জাতীয় দলে জায়গা পান তানজিদ হাসান তামিম। বিশ্বকাপ দলে নতুন এই ব্যাটারকে অন্তর্ভুক্ত করা নিয়ে তখন কম সমালোচনা হয়নি। তবে সময়ের সাথে নিজেকে প্রমাণ করে এখন জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার হয়ে উঠেছেন তানজিদ। তিন ফরম্যাটেই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি।

শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে তানজিদের উদাহরণ টেনে নান্নু বলেন, ‘নাম নয়, পারফরম্যান্স সবার আগে দেখতে হয়। এটাও দেখতে হয় আন্তর্জাতিক অঙ্গনে কতটা মেলে ধরতে পারবে। তরুণ কাউকে হঠাৎ খেলাতে হলে পরের চার থেকে পাঁচ বছরের কথা ভাবতে হবে। ২০২৩ এ যখন তানজিদ তামিমকে চিন্তা করেছিলাম, আপনারা মিডিয়াই যেভাবে সমালোচনা করেছিলেন…নতুন খেলোয়াড়—আজ সেই তানজিদ তামিমই প্রতিষ্ঠিত খেলোয়াড়। ঝুঁকি আপনাকে নিতেই হবে।’

নান্নুর এই বক্তব্য মূলত লিটন দাস ও সৌম্য সরকারের মতো অভিজ্ঞদের নিয়ে আলোচনার প্রসঙ্গে এসেছে। সামনে ওয়ানডে বিশ্বকাপ। তাই ওপেনিংয়ে কাদের দেখা যেতে পারে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি গুরুত্ব দিয়েছেন বর্তমান ফর্ম ও ধারাবাহিকতাকে। তানজিদের সাথে সাইফ হাসানের ওপেনিং জুটিও এখনো প্রত্যাশিতভাবে জমে ওঠেনি।

বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে নান্নুর পরামর্শ, ‘এখন এসব নিয়ে না ভেবে, সামনে যেসব খেলা আছে এখান থেকে বেস্ট পসিবল সাইড বের করতে হবে। নামের দিকে না তাকিয়ে কে কেমন করছে, আগামী ১০ ইনিংসে কেমন করছে তা দেখে বিশ্বকাপ স্কোয়াড সাজানো জরুরি।’

অর্থাৎ, অতীতের পরিচিতি কিংবা বড় নাম নয়—বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে কে কতটা কার্যকর পারফরম্যান্স করতে পারছেন, সেটিই দল নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন নান্নু।