৫ বছর পর টেস্টে সৌম্য, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

জাকেরের ফেরায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন। নির্বাচকদের মতে, অঙ্কন ব্যাকআপ হিসেবে থাকলেও জাকের সবসময়ই তাদের পরিকল্পনায় এগিয়ে ছিলেন। সামনে ‘এ’ দলের সিরিজে অঙ্কনের জন্যও সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

নয়া দিগন্ত অনলাইন
সৌম্য সরকার
সৌম্য সরকার |ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারাবাহিক ব্যর্থতার কারণে ওপেনার মাহমুদুল হাসান জয়কে বাদ দিয়ে পাঁচ বছর পর টেস্ট দলে ফিরিয়ে এনেছেন সৌম্য সরকারকে।

সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ব্যাটিং কম্বিনেশনের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম দুজনই বাঁহাতি ওপেনার হওয়ায় টপ অর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটারের প্রয়োজন ছিল। যদিও সৌম্যও বাঁহাতি, তবুও তার অভিজ্ঞতা ও অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছে নির্বাচকরা।

হাবিবুল জানান, মাহমুদুল জয় এখনো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তবে সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় তাকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজে খেলিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সৌম্য সরকার। ১৪ ইনিংসে ৬৩৩ রান করেছেন ৪৫.২১ গড়ে, যার মাঝে রয়েছে একটি সেঞ্চুরি ও চারটি ফিফটি। যদিও সম্প্রতি অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে সাত ইনিংসের পাঁচটিতেই দুই অঙ্ক ছুঁতে পারেননি, তবুও টেস্টে তার অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, চোটে পড়া লিটন দাসের পরিবর্তে এক বছর পর টেস্ট দলে ফিরেছেন জাকের আলী অনিক। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে তিন ইনিংসেই ফিফটি করে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। এখন পর্যন্ত ছয় টেস্টে ৩৩৭ রান করা জাকেরকে নিয়ে হাবিবুল বলেন, তাকে ফর্মের জন্য নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ দিতে দল থেকে বাইরে রাখা হয়েছিল। ঘরোয়া ক্রিকেট ও হাই পারফরম্যান্স দলে ভালো খেলেই তিনি আবার জাতীয় দলে ফিরেছেন।

জাকেরের ফেরায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন। নির্বাচকদের মতে, অঙ্কন ব্যাকআপ হিসেবে থাকলেও জাকের সবসময়ই তাদের পরিকল্পনায় এগিয়ে ছিলেন। সামনে ‘এ’ দলের সিরিজে অঙ্কনের জন্যও সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।