সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে হতাশ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টেস্টে চার দিনের কোনো সেশনেই বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া। তাই অসি দলনেতা কামিন্স মনে করেন, সব দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ ভালো খেলেছে।
ডারউইনে টেস্টের প্রথম দিন বাংলাদেশের বোলারদের তোপে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশ ব্যাটারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি অসি বোলাররা। ফলে প্রথম ইনিংসে ৪২৬ রান তুলে ২২৮ রানের লিড নেয় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের লড়াকু সেঞ্চুরিতে মাত্র ৫৬ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। ৫৭ রানের জয়ের লক্ষ্য ১ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ জানাতে গিয়ে কামিন্স বলেন, ‘বাংলাদেশ আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে। তারা ধৈর্যশীল-শৃঙ্খলাবদ্ধ ছিল। সব দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে তারা ভালো ক্রিকেট খেলেছে।’
তিনি আরো বলেন, ‘প্রথম দিনই আমরা ম্যাচ হেরে গেছি। আমাদের প্রস্তুতি ঠিকঠাক হয়েছিল। কিন্তু এই হারের কোনো অজুহাত নেই। বাংলাদেশ ভালো খেলেছে। আমাদের আরো দীর্ঘ সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হবে। এরপর বল হাতেও আমরা তাদের ওপর যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি।’
ব্যাটার ও বোলাররা চার দিনই খারাপ খেলেছে বলে মনে করেন কামিন্স। তিনি বলেন, ‘প্রথম ইনিংসে ব্যাটাররা জ্বলে উঠতে পারেনি। এরপর বোলাররাও খারাপ করেছে। এতে ২২৮ রানে পিছিয়ে পড়ি আমরা। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল আমাদের। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয় ব্যাটাররা। পরের ম্যাচের আগে আমাদের পারফরমেন্স নিয়ে অনেক বেশি ভাবতে হবে এবং ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে বের করতে হবে। অতীতেও আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করছি, এবারো পারব।’
সূত্র : বাসস



