রুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Printed Edition

রাজশাহী ব্যুরো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটে তিনটি ক্যাটাগরিতে মেধাক্রম প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় থাকা শিক্ষার্থীরা আগামী ৮ থেকে ১৫ মার্চের মধ্যে বিভাগের পছন্দক্রম দিতে পারবেন। রুয়েটের ওয়েবসাইটে তিনটি ক্যাটাগরিতে মেধাক্রম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ক বিভাগে ১ হাজার ২৩০ সিটের বিপরীতে ৭ হাজার ৯৩০ জনের তালিকা দেয়া হয়েছে। পাশাপাশি খ বিভাগ ও পার্বত্য জনগোষ্ঠীর জন্য যথাক্রমে ৩০ সিট ও ৫ সিটের বিপরীতে ৫২৪ জন ও ১৬ জনের তালিকা দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে ভর্তির জন্য মেধাক্রম ১ থেকে ১ হাজার ২০০ জন এবং মেধাক্রম ১ থেকে ৩০ প্রার্থীদের স্বশরীরে নিরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে। আগামী ১৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে তাদের উপস্থিত হতে হবে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে বান্দরবান জেলার অধিবাসী, পার্বত্য জেলাগুলো ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী মেধাক্রম ১ থেকে ১৬ প্রার্থীদেরও একই সময়ে উপস্থিত থাকতে হবে। অনলাইন চয়েস ফর্ম পূরণ সংক্রান্ত নির্দেশনা : মেধা তালিকায় (সারণি-১, ২ ও ৩) স্থানপ্রাপ্ত সব প্রার্থীকে ৮ মার্চ (শনিবার) সকাল ১০টা হতে ১৫ মার্চ (শনিবার) রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে https://admission.ruet.ac.bd/ গিয়ে Admission Portal-এ Login করে “Online Choice Form” এর প্রয়োজনীয় তথ্য পূরণ এবং বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। ভর্তি হতে যা যা লাগবে : যাচাই-বাছাই কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্রাদি যাচাইপূর্বক জমাদানের পর ওই দিনই (১৯ মার্চ) স্বাস্থ্যপরীক্ষা করা হবে। পরদিন ২০ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৮ হাজার ৫০০ টাকা রুপালী ব্যাংক রুয়েট শাখায় জমা দিয়ে ভর্তি হতে হবে। তবে কোনো প্রার্থী ভর্তির দিন ভর্তি কার্যক্রম শেষ করে একই দিনে ভর্তির জন্য নির্ধারিত ফি কর্তৃপক্ষের অনুমতিক্রমে উল্লেখিত ব্যাংকে জমা দিতে পারবে। ভর্তি হতে শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা প্রিন্টেড ভর্তি ফরমের কপি, মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার মূল সনদপত্র ও গ্রেডশিটের মূল কপি আনতে হবে। এ ছাড়া সবশেষ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল প্রশংসাপত্রের মূল কপি, সত্যায়িত ছাড়া সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ২ কপি ছবি, স্বাক্ষর সম্বলিত রুয়েটের লিখিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আনতে হবে। সংরক্ষিত আসনে ভর্তির জন্য স্থানীয় চেয়ারম্যান স্বাক্ষরিত সদনপত্র। এ ছাড়া অন্য উপজাতিদের জন্য একই সমমানের সনদপত্র আনতে হবে। রুয়েটের প্রথম বর্ষের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য https://admission.ruet.ac.bd/ / ওয়েবসাইটে ভিজিট করে জানা যাবে।