মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণীর স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ : উপদেষ্টা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা অধিকাংশই নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন। কিন্তু মানুষের স্বাস্থ্যরক্ষায় প্রাণীর স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ তা অধিকাংশ মানুষ ভুলে যায়। ওয়ান হেলথের মধ্যে মানুষ ও প্রাণী স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হলেও পরিবেশের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয় না। কিন্তু মনে রাখতে হবে পরিবেশের মধ্যে মানুষ আর প্রাণী আছে। গতকাল বিকেলে সাভারে অবস্থিত ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরিতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিরাপদ খাদ্য নিশ্চিত করণের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, খাদ্য উৎপাদনের বাড়ানোর কথা বলে থাকি কিন্তু খাদ্য নিরাপদ কি না তা আমাদের দেখতে হবে। খাদ্য যদি নিরাপদভাবে উৎপাদিত না হয় তাহলে এ ধরনের খাদ্য দিয়ে আমাদের কোনো লাভ নাই। শুধু বিল্ডিং থাকলে হবে না কাজ করতে হবে মানুষ দিয়ে তাদের আবার দক্ষ হতে হবে। গবেষণা পর্যায়ে যেমন বিজ্ঞানী লাগবে তেমনি মাঠপর্যায়ে কর্মী লাগবে।

উপদেষ্টা বলেন, প্রাইভেট সেক্টর সরকারের সাথে মিলেমিশে কাজ করলে জনগণের কাছে আরো বেশি মাত্রায় পৌঁছানো যাবে। প্রাইভেট সেক্টরকে প্রোফিট প্রাধান্য না দিয়ে সেবাকে প্রাধান্য দেয়ার আহ্বান জানান তিনি।

পরে উপদেষ্টা বিসিএস লাইভস্টক অ্যাকাডেমির বৈষম্যবিরোধী ছাত্র- আন্দোলনে নিহত শহীদ সাফওয়ান সদ্যের নামে মূল ফটকের নামকরণ উদ্বোধন করেন। এ সময় শহীদ সাফওয়ান সদ্যের বাবা ডা: আখতারুজ্জামান লিটন, মাতা খাদিজা বিন জুবায়েদ শিল্পী, বোন আতকিয়া জামান তিশমা, বিসিএস লাইভস্টক অ্যাকাডেমির কর্মকর্তারা, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (এলআরআই) আয়োজনে অধিদফতরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন অধিদফতরের পরিচালক ডা: মো: বয়জার রহমান, এলআরআইয়ের পরিচালক ড. মো: মোস্তফা কামাল, অধিদফতর ও এলআরআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বৈজ্ঞানিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।