ইরান এখন বিশ্বের অন্যতম বড় শক্তি : অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী

অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মুখেও ইরান যে অসাধারণ প্রতিরোধ ও স্থিতিশীলতা প্রদর্শন করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানকে আরো শক্তিশালী করেছে।

নয়া দিগন্ত অনলাইন
অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল
অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল |সংগৃহীত

অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল বলেছেন, হাজার বছরের প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী ইরান বর্তমানে বিশ্বের অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে।

সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, এক সাক্ষাৎকারে কারিন নাইসল বলেন, বর্তমান বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় ইরানকে এখন একটি গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্র হিসেবে দেখা হয়।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মুখেও ইরান যে অসাধারণ প্রতিরোধ ও স্থিতিশীলতা প্রদর্শন করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানকে আরো শক্তিশালী করেছে।

অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সমীকরণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই নতুন অবস্থান ও ক্রমবর্ধমান প্রভাব ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি এর আগেও মন্তব্য করেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে—এমন দাবি করার কোনো ভিত্তি নেই। তার মতে, এই সংঘাতের ফলে মার্কিন সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা গুরুতরভাবে প্রশ্নের মুখে পড়েছে।

কারিন নাইসল বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের বিরুদ্ধে বিজয় অর্জনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সত্ত্বেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো অটুট রয়েছে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধজয়ের কথা বললেও হরমুজ প্রণালী এখনো কার্যত অবরুদ্ধ রয়েছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং অঞ্চলের দেশগুলোর রফতানি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে।

কারিন নাইসল বলেন, এসব বাস্তবতা প্রমাণ করে যে, ইরান শুধু সামরিক ও রাজনৈতিক চাপ মোকাবেলায় সক্ষমই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে।

সূত্র: পার্সটুডে