গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা নাকচ করল নেতানিয়াহু

হামাসের ছোট-বড় সব ধরনের অস্ত্র সমর্পণের শর্ত জুড়ে দিয়ে নেতানিয়াহু আরো জানান, তিনি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেয়া হবে না।

নয়া দিগন্ত অনলাইন
বেনিয়ামিন নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু |সংগৃহীত

গাজা উপত্যকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদের ১৫ দফা পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইসরাইল। রোববার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘোষণা দেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পুরোপুরি অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত ইসরাইলি বাহিনী গাজা থেকে কোনো অবস্থাতেই সেনা প্রত্যাহার করবে না।

জেরুজালেম পোস্ট রোববার (৯ আগস্ট) জানিয়েছে, গাজা সংক্রান্ত এ চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চললেও নেতানিয়াহু বলেন, 'নিরস্ত্রীকরণ হতে হবে শতভাগ আসল, কোনো লোকদেখানো বিষয় মেনে নেওয়া হবে না।' হামাসের ছোট-বড় সব ধরনের অস্ত্র সমর্পণের শর্ত জুড়ে দিয়ে নেতানিয়াহু আরো জানান, তিনি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেয়া হবে না। ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচও এই অবস্থানকে সমর্থন করে জানান, হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ছাড়া গাজায় কোনো পুনর্গঠন হতে পারে না।

অন্যদিকে, হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম জানিয়েছেন, তারা কায়রোতে সম্মত হওয়া রূপরেখার প্রতি এখনো প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তি বাস্তবায়নে নেতানিয়াহু সরকারের ওপর চাপ সৃষ্টি করতে তারা যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বক্তব্যে নেতানিয়াহু আরো দাবি করেন, ইসরাইলের কঠিন পাল্টা জবাবের ভয়ে ইরান হামলা চালানো থেকে বিরত রয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্র সংগ্রহ থেকে দূরে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।