আরব পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার ওমানে হরমুজ চুক্তিতে সই করবেন: ইরান

পেজেশকিয়ান বলেন, চুক্তির বিষয়টি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকেও জানানো হবে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালাতে যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করেছে, সেসব দেশও বৈঠকে অংশ নেবে।

নয়া দিগন্ত অনলাইন
প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান |সংগৃহীত

উপসাগরীয় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার ওমানের রাজধানী মাসকাটে বৈঠকে বসছেন। সেখানে হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ চালুর বিষয়ে একটি চুক্তি সই হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ভারতীয় সম্প্রচারমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে শনিবার তিনি এ কথা বলেন।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু শনিবার (১২ সেপ্টেম্বর) জানায়, পেজেশকিয়ান বলেন, চুক্তির বিষয়টি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকেও জানানো হবে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালাতে যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করেছে, সেসব দেশও বৈঠকে অংশ নেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, যুদ্ধের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ওয়াশিংটন এখন অর্থনৈতিক চাপের পথ নিয়েছে। তবে ইরান থামবে না। মার্কিন নৌ অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের টিকে থাকা পুরোপুরি সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয়। তাঁর ভাষায়, এভাবে যুক্তরাষ্ট্রও নিজেদের লক্ষ্য অর্জন করতে পারবে না। তবে যুক্তরাষ্ট্র অবরোধ ও হামলা বন্ধ করলেই ইরান হরমুজ প্রণালি আবার খুলে দেবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই শুক্রবার জানান, সোমবার ওমানের আয়োজনে উপসাগরীয় আট দেশের অংশগ্রহণে আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। সেখানে আঞ্চলিক বিষয় এবং হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণে ইরান-ওমান আলোচনার ফল নিয়ে কথা হবে। বাকেই বলেন, নৌপথটির নিরাপত্তা নিশ্চিত করতে ইরান কাজ করছে। তবে মার্কিন নৌ অবরোধ ও সামরিক হস্তক্ষেপ চলতে থাকলে জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া সম্ভব নয়।

এদিকে, সোমবারে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে ওমানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিয়তা পাওয়া যায়নি। এর আগে গত সোমবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছিলেন, কয়েক দিনের মধ্যেই ওমানের সঙ্গে হরমুজে নতুন করিডোর চালুর চুক্তি হবে। প্রস্তাবিত এই করিডোরের প্রবেশ ও বের হওয়ার পথ ইরানের নিয়ন্ত্রণে থাকবে বলেও জানিয়েছিলেন তিনি।