ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি আমিরাতের; কাতার ও বাহরাইনে সতর্কসংকেত

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্রিয়ভাবে মোকাবিলা করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। দেশজুড়ে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার কারণেই হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানি ক্ষেপণাস্ত্র
ইরানি ক্ষেপণাস্ত্র |সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আঘাত হানতে যাওয়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। একই সাথে প্রতিবেশী কাতার ও বাহরাইনে নিরাপত্তা সতর্কতা বাড়িয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ভোরে তুরস্কের বার্তা সংস্থা আনদালো এই তথ্য জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্রিয়ভাবে মোকাবিলা করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। দেশজুড়ে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার কারণেই হচ্ছে।

এদিকে প্রতিবেশী কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে নিরাপত্তার হুমকি এখন অনেক বেশি। তারা জনগণকে ঘরের ভেতর বা নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। সেই সাথে অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, "নাগরিক ও বাসিন্দাদের শান্ত থেকে দ্রুততম সময়ে কাছাকাছি কোনো নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।"