ইরানের রেভল্যুশনারি গার্ডস সোমবার (২০ জুলাই) জানিয়েছে, তারা সিরিয়ায় ‘শত্রুর’ একটি কমান্ড সেন্টারে ‘আকস্মিক হামলা’ চালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা রেভল্যুশনারি গার্ডসের এক বিবৃতিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরানশাহরের শহীদ সৈন্যদের রক্তের প্রতিশোধ নিতে সিরিয়ার আল-তানফ অঞ্চলে শত্রুর বিশেষ অভিযান কমান্ড সেন্টারে একটি আকস্মিক হামলা চালিয়েছে রেভল্যুশনারি গার্ড।
কিছুদিন আগে, ইরানের দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি সেনা ব্যারাকে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। সেই হামলায় ইরানের তিনজন সেনা নিহত হন।
ইরান জানিয়েছে, তাদের সেই নিহত সেনাদের হত্যার প্রতিশোধ নিতেই তারা সিরিয়ার এই ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।
ইরানের তাসনিম নিউজ অ্যাজেন্সি রোববার জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহরে একটি ব্যারাকে মার্কিন হামলায় নিহত তিন সৈন্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আল-তানফ ঘাঁটিটি আগে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করত। কিন্তু সেখান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর, সিরিয়ার সেনাবাহিনী এটি নিজেদের দখলে নেয়। সেখানে ইরানের হামলার দাবিটি অস্বীকার করেছে সিরিয়ার একটি সামরিক সূত্র।
আল-তানফ ঘাঁটিটি জর্ডান ও ইরাকের সাথে সিরিয়ার দক্ষিণ-পূর্ব সীমান্তের কাছে অবস্থিত।
সূত্র: বাসস



