লেবাননে ৬ জনকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে বৃহস্পতিবার (২৫ জুন) দক্ষিণ লেবাননে তারা ছয়জনকে হত্যা করেছে।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা |প্রতীকী ছবি

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে বৃহস্পতিবার (২৫ জুন) দক্ষিণ লেবাননে তারা ছয়জনকে হত্যা করেছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, নিহতরা হিজবুল্লাহর সদস্য এবং তারা জাওতার আল-শারকিয়া শহর ও আলি আল-তাহের উচ্চভূমিতে সেনাবাহিনীর জন্য ‘হুমকি’ সৃষ্টি করেছিল।

তবে, নিহতদের পরিচয় বা তাদের বাহিনীর প্রতি কথিত হুমকির প্রকৃতি যাচাই করার জন্য কোনো স্বতন্ত্র প্রমাণ দেয়নি তারা।

এ বিষয়ে হিজবুল্লাহ বা লেবাননের কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি হামলায় চার হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১২ হাজার জনেরও বেশি আহত হয়েছেন।

ইসরাইল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা দখল করে রেখেছে, যার কিছু অংশ কয়েক দশক ধরে তাদের দখলে এবং অন্যগুলো ২০২৩-২০২৪ সালের যুদ্ধের সময় দখল করা হয়েছে। সর্বশেষ অভিযানে ইসরাইলি বাহিনী লেবাননের ভূখণ্ডে ১০ কিলোমিটারেরও বেশি অগ্রসর হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যা উভয় পক্ষের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে লেবাননসহ একাধিক রণাঙ্গনে সঙ্ঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি