মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে এক ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতরাবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজতে তল্লাশি অভিযানের পর তারও লাশ উদ্ধার করেছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ মিশিগানের মিসকি কাউন্টির একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য পুলিশ। সেখানে পুলিশ সদস্যরা তিনজনকে মৃত অবস্থায় দেখতে পান এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।
পুলিশের তথ্যমতে, ৩৯ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী চাদ হিকম্যান পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে ধরতে তাৎক্ষণিকভাবে সাঁড়াশি অভিযান শুরু হয়। তল্লাশি চলাকালেই নিকটবর্তী আরেকটি বাড়ি থেকে আরও একজনের লাশ উদ্ধার করেন তদন্তকারীরা।
পরবর্তীতে তল্লাশি অভিযানের একপর্যায়ে হুইটলক হ্রদের কাছের একটি বনাঞ্চলের পাশে হিকম্যানের গাড়িটি চিহ্নিত করে পুলিশ। সেখানে সন্দেহভাজন চাদ হিকম্যান এবং অন্য আরেকজনের লাশও উদ্ধার করা হয়।
মিশিগান রাজ্য পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট অ্যাশলি মিলার এক বিবৃতিতে বলেন, 'ঘটনাটি পুরো স্থানীয় সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং।'
নিহতদের স্বজনদের খবর দেয়ার প্রক্রিয়া চলমান থাকায় পুলিশ এখনো তাদের নাম, বয়স বা পরিচয় প্রকাশ করেনি। ঠিক কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ।



