যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে একই ফ্লাইট নম্বর নিয়ে আকাশে থাকা দুটি আমেরিকান এয়ারলাইনসের বিমানের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো গেছে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দ্রুত সিদ্ধান্তে। শুক্রবার মধ্যরাতের পর ঘটনাটি ঘটে।
এবিসি নিউজ ডট কম শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, দুটি বিমানই ‘আমেরিকান ২৪৮২’ নামে উড়ছিল। একটি বিমান শিকাগো থেকে ফিনিক্সে এসে নামছিল, আর অন্যটি ফিনিক্স থেকে একই ফ্লাইট নম্বর নিয়ে উড্ডয়ন করেছিল। দুটি বিমানের গতিপথ একপর্যায়ে কাছাকাছি চলে আসে।
ঘটনাটি ধরা পড়ার পর কন্ট্রোলার দ্রুত দুটিকে আলাদা করে শনাক্ত করতে ‘আমেরিকান ২৪৮২—অ্যারাইভাল’ এবং ‘আমেরিকান ২৪৮২—ডিপারচার’ বলে নির্দেশ দিতে শুরু করেন। তিনি অবতরণরত বিমানটিকে নিরাপদ দূরত্ব বজায় রেখে উড্ডয়নরত বিমানের ওপরে রাখেন। একই সাথে দুই বিমানের পাইলট যাতে কয়েক মাইল দূর থেকেই পরস্পরকে দেখতে পান, সেটিও নিশ্চিত করেন। উড্ডয়নরত বিমানটিকে বেশি ওপরে উঠতেও নিষেধ করা হয়।
নিরাপদে একে অপরকে অতিক্রম করার পর অবতরণরত বিমানের পাইলট কন্ট্রোলারকে বলেন, ‘চমৎকার কাজ করেছেন।’
জবাবে কন্ট্রোলার বলেন, ‘এটা ভয়াবহ বিপর্যয় হতে পারত। তবে আমি আনন্দিত যে শেষ পর্যন্ত সব ঠিকঠাক হয়েছে।’
২৫ বছর ধরে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে অভিজ্ঞ ওই কন্ট্রোলার বলেন, একই সময়ে দুটি বিমানের একই কল সাইন বা পরিচিতি ব্যবহার করে ওড়ার ঘটনা তিনি আগে কখনো দেখেননি। তাঁর কাছে ঘটনাটি ছিল একেবারেই বিরল ও অবিশ্বাস্য।
বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ স্টিভ অ্যারোইর মতে, সম্ভবত এয়ারলাইনসের ডিসপ্যাচ সেন্টারের কেউ বিষয়টি ধরতে পারেননি। একই সময়ে একই ফ্লাইট নম্বরের দুটি বিমান আকাশে থাকবে—এ তথ্য ফ্লাইট পরিকল্পনা অনুমোদনের সময় ডিসপ্যাচার ও পাইলটদের কারো নজরে আসেনি।
ফ্লাইট ২৪৮২ সাধারণত শিকাগো ও ফিনিক্সের মধ্যে যাতায়াত করে। আবহাওয়ার কারণে শিকাগো থেকে আসা বিমানটি দেরি করায় আমেরিকান এয়ারলাইনস ফিনিক্সে থাকা আরেকটি বিমান দিয়ে নির্ধারিত সময়ে ফ্লাইটটি চালু করে। ফলে অল্প সময়ের জন্য দুটি বিমান একই আকাশসীমায় চলে আসে।
ঘটনার তদন্ত করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও আমেরিকান এয়ারলাইনস। এয়ারলাইনস জানিয়েছে, পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সতর্কতা ও পেশাদারিত্বের কারণে প্রয়োজনীয় দূরত্ব সবসময় বজায় ছিল এবং দুই ফ্লাইটই নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।



