খনিজ খাতে অংশীদারত্ব ঘোষণা আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার

গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে সহযোগিতা আরো গভীর করার লক্ষ্যে অংশীদারিত্ব গড়ে তুলতে যাচ্ছে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার (৩১ জুলাই) আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হাভিয়ের মিলেই ও লি জে মিয়ং
হাভিয়ের মিলেই ও লি জে মিয়ং |সংগৃহীত

গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে সহযোগিতা আরো গভীর করার লক্ষ্যে অংশীদারিত্ব গড়ে তুলতে যাচ্ছে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার (৩১ জুলাই) আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর দক্ষিণ আমেরিকা সফরের সময় সিউল চিলির সাথে একই ধরনের একটি অংশীদারত্ব চুক্তি করার এক দিন পর আর্জেন্টিনার সাথে এ চুক্তির ঘোষণা এলো।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইর্নো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এই চুক্তির লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ খনিজের ‘অনুসন্ধান, উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও পরিশোধন খাতে বিনিয়োগ এবং যৌথ প্রকল্প উৎসাহিত করা’।

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা বিশ্বের পঞ্চম বৃহত্তম লিথিয়াম উৎপাদক। বৈশ্বিক জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে লিথিয়ামকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে বিবেচনা করা হয়।

কুইর্নোর মতে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সাথে বৈঠক করেছেন। ২২ বছরের মধ্যে এটি ছিল কোনো দক্ষিণ কোরীয় নেতার প্রথম আর্জেন্টিনা সফর।

আর্জেন্টিনার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং কৌশলগত খাতে যৌথ প্রকল্প উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে, শুক্রবার মিলেই প্রশাসন উত্তর-পশ্চিম আর্জেন্টিনার সালতা প্রদেশে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পোসকোকে লিথিয়াম উত্তোলন কার্যক্রম বাড়ানোর অনুমোদন দিয়েছে।

আর্জেন্টিনার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ৫৪ কোটি ৭০ লাখ ডলারের বিনিয়োগে এই প্রকল্পের মাধ্যমে বছরে ২৩ হাজার টন লিথিয়াম কার্বোনেট উত্তোলন সম্ভব হবে। এর ফলে বছরে ৩০ কোটি ডলারের বেশি রফতানি আয় হবে।

এর এক দিন আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং চিলির রাজধানী সান্তিয়াগোতে দেশটির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তের সাথে বৈঠক করেন। সেখানেও দুই দেশ গুরুত্বপূর্ণ খনিজ খাতে একই ধরনের অংশীদারত্বের ঘোষণা দেয়।

চিলি বিশ্বের শীর্ষ তামা উৎপাদক এবং দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম উৎপাদক দেশ।

সূত্র: বাসস