কলম্বিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৯ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট (ইউএনজিআরডি) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
সংস্থাটি জানিয়েছে, জরুরি উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ ২৬২ জনের সন্ধান চালাচ্ছে। আহতের সংখ্যা বেড়ে চার হাজার ৪৩৭ জনে দাঁড়িয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে ৩৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সংস্থাটি আরো জানায়, কলম্বিয়ার ১৫ বিভাগের ৪৭১টি পৌরসভায় মোট দুই লাখ ৬২ হাজার ১৫৪ জনকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
গত ১০ আগস্ট কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বেশ কয়েকটি শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং বাড়িঘর, স্কুল, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমারের কাছে এবং এর কম্পন বোগোটাসহ দেশের অন্যান্য অংশে এবং প্রতিবেশী দেশগুলোতেও অনুভূত হয়।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



