কানাডার টরন্টো শহরে এক বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঘটনার পর হামলাকারী পালিয়ে গেছেন। তাকে ধরতে শনিবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ।
টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানায়, ‘সবাইকে অবিলম্বে ঘটনাস্থল এড়িয়ে চলার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।’
পরে আরেকটি বার্তায় পুলিশ জানায়, ‘ঘটনাস্থল নিরাপত্তার আওতায় আনা হয়েছে।’
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যেখানে এ হামলা হয়েছে সেখানে ওই সময় একটি ‘সালসা উৎসব’ চলছিল। এলাকাটি দোকানপাট ও রেস্তোরাঁয় পরিপূর্ণ এবং সাধারণত বেশ জনসমাগম থাকে।
এই ঘটনার কয়েক সপ্তাহ আগে গত মাসের শেষ দিকে মন্ট্রিয়ালে আরেকটি বন্দুক হামলায় এক পুলিশ সদস্যসহ দু’জন নিহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হন।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডার পশ্চিমাঞ্চলের ছোট খনিশহর টাম্বলার রিজের একটি স্কুলে বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীর মা ও সৎ ভাইও ছিলেন। এ ঘটনায় আরো ২৭ জন আহত হন। পরে হামলাকারী নিজেই আত্মহত্যা করেন।
সূত্র: বাসস


