সাতক্ষীরার কলারোয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ১০ বছরের কারাদণ্ড বাতিল করে খালাসের রায় দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার এই মামলায় হাবিবুল ইসলাম হাবিবের করা রিভিশন আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় দেন।
হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে শুনানি করা আইনজীবী মো. আমিনুল ইসলাম জানান, এই মামলার অন্য আসামিদের রিভিশন আবেদনের শুনানি না হওয়ায় তাদের বিষয়ে হাইকোর্ট কোন রায় দেননি। এই মামলায় ফাইলিং ল’ইয়ার ছিলেন হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী শাহানারা আক্তার বকুল।
উল্লেখ্য, শেখ হাসিনার গাড়িবহরে হামলার এই মামলায় ২০২১ সালের ৪ এপ্রিল সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো: হুমায়ুন কবীর রায় ঘোষণা করেন। রায়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। পরবর্তীতে হাইকোর্টে রিভিশন আবেদন করেন হাবিবুল ইসলাম হাবিব। সূত্র : বাসস



