জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, খবর শুনে মারা গেলেন বাবা

মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
নিহত মাসুক আহমেদ
নিহত মাসুক আহমেদ |নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবা। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ ঘটনা ঘটে। একই দিনে বাবা-ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার ও স্বজনরা।

নিহতরা হলেন— খিলগ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ও তার ছেলে মাসুক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মাসুকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পরপরই তার বাবা আব্দুল লতিফ অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।

স্বজনরা জানান, মাসুক আহমেদের সম্প্রতি বিয়ে হয়েছিল। তার হাতে বিয়ের মেহেদির দাগ এখনো মুছে যায়নি। নতুন জীবনের স্বপ্ন দেখার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

এরপর ছেলের মৃত্যুর খবর শুনে বাবারও মৃত্যু হওয়ায় পরিবারটির ওপর নেমে এসেছে একের পর এক শোকের আঘাত।

একই দিনে বাবা-ছেলের মৃত্যুর খবরে খিলগ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে চলছে আহাজারি। আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন এলাকাবাসী।