গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে কুমিল্লায় ১১ দলের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরীর টাউন হল মাঠে গণমিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সমাবেশ পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাবিদ নরোজ শাহ, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সোলায়মান, কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হোসেন আবির, এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানী।
সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। তাই গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
তিনি জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির আহম্মেদ মোল্লা, মহানগর কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদসহ ১১ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



