মুন্সীগঞ্জে তথ্যদাতা সন্দেহে যুবককে পিটিয়ে জখম

হত্যা মামলার পলাতক কয়েকজন আসামির অবস্থান সম্পর্কে তথ্যের ভিত্তিতে জেলা পিবিআইর একটি দল গুচ্ছগ্রামে অভিযান চালায়। অভিযানের সময় আসামিপক্ষের লোকজন নুরুজ্জামানকে পুলিশের তথ্যদাতা হিসেবে সন্দেহ করে তার ওপর অতর্কিত হামলা চালায়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
আহত যুবক
আহত যুবক |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদর উপজেলার গুচ্ছগ্রামে হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতার করতে গিয়ে তথ্যদাতা সন্দেহে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ তদন্ত ব্যুরো (পিবিআই)।

সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পৌর এলাকার গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

আহত নুরুজ্জামান (৩৫) ওই এলাকার কামাল শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, একটি হত্যা মামলার পলাতক কয়েকজন আসামির অবস্থান সম্পর্কে তথ্যের ভিত্তিতে জেলা পিবিআইর একটি দল গুচ্ছগ্রামে অভিযান চালায়। অভিযানের সময় আসামিপক্ষের লোকজন নুরুজ্জামানকে পুলিশের তথ্যদাতা হিসেবে সন্দেহ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে পিবিআই সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার সিরাজ কাজীর ছেলে মিনু কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। আহত নুরুজ্জামানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পিবিআই মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা বেগম বলেন, ‘একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’