শিবচরে বিরোধের জেরে ঘুষিতে চাচাতো ভাই নিহত

মাদারীপুরের শিবচরে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে মো: আলতাফ হোসেন মাদবর (৪৫) নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত আ: বারেক মাদবর পলাতক রয়েছেন।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
নিহতের লাশের পাশে তার স্বজনরা
নিহতের লাশের পাশে তার স্বজনরা |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে মো: আলতাফ হোসেন মাদবর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আ: বারেক মাদবর পলাতক রয়েছেন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগারোরশি পাঁচু মাদবরের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো: আলতাফ হোসেন মাদবর ওই গ্রামের মো: ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত আ: বারেক মাদবর একই এলাকার মো: মোসলেম মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ মাদবরের সাথে তার চাচাতো ভাই বারেক মাদবরের বিরোধ চলছিল। এর জেরে বুধবার বিকেলে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুষি দেন বারেক মাদবর। এতে আলতাফ মাদবর মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।