নরসিংদীর মাধবদীতে অন্যের বাড়িতে উঁকি দেওয়ার জেরে জাকির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।
রবিবার (৯ আগস্ট) ভোরে তার মৃত্যুর ঘটনা ঘটে।
এর আগে, শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের গাজীর গাঁও গ্রামে মারধরের ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন গাজীর গাঁও গ্রামের মনসুর আলীর ছেলে। তার পরিবারে ছোট ছোট ছয় ছেলে-মেয়ে রয়েছে বলে জানা যায়।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে মেঘনা নদীর ঘাটে নিজের নৌকা দেখতে গিয়েছিলেন জাকির। ঘাট থেকে ফেরার পথে রাস্তার পাশের একটি বাড়িতে কান্নার শব্দ শুনে তিনি উঁকি দেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির লোকজন ও আরো কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করে। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বাড়িতে থাকা অবস্থায় রোববার ভোরের দিকে জাকির হোসেন হঠাৎ বমি করতে শুরু করেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মাধবদী থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে মাধবদী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।
মাধবদী থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত চলছে।



