মাধবদীতে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা

‘এখানে ৫৬টি ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলোর গ্রাহকরা যাতে ভয়, আতঙ্কে না থাকে সেই ব্যবস্থা আমরা করব। কোনো অপরাধমূলক ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধের ব্যবস্থা নেয়া হবে।’

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা
আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা |নয়া দিগন্ত

নরসিংদীর মাধবদী থানা এলাকার নাগরিকদের সাথে সার্বিক আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাধবদী সাবেক পুলিশ ফাঁড়ির সামনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো: আব্দুল্লাহ-আল ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি ইকবাল হোসেন বলেন, ‘যত শক্তি লাগে আপনাদের আমরা দেবো, সকল সহযোগিতা করব। ব্যবসায়ীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের পুলিশ সব সময় নজর রাখবে। আমরা যৌথভাবে পথ চলতে চাই। এখানে ৫৬টি ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলোর গ্রাহকরা যাতে ভয়, আতঙ্কে না থাকে সেই ব্যবস্থা আমরা করব। কোনো অপরাধমূলক ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধের ব্যবস্থা নেয়া হবে।’

সভায় আরো বক্তব্য রাখেন মাধবদী বাজার বণিক সমিতি ও নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, মাধবদী প্রেসক্লাবের সভাপতি মো: মকবুল হোসেন, কমিউনিটি পুলিশ মাধবদী থানার সভাপতি আ: রাজ্জাক খান বাদশা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু ও স্থানীয় ব্যবসায়ী মফিজুল ইসলাম ও মো: জাফর উল্লাহ।

সভা শেষে প্রধান অতিথি মাধবদীর সাবেক পরিত্যক্ত পুলিশ ফাঁড়ির ভবনকে সংস্কার করে ‘শহর পুলিশ ক্যাম্প’ হিসেবে ব্যবহারের ঘোষণা দেন। পরে তিনি সভাস্থল আঙিনায় একটি বকুল ফুলের চারা রোপণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।