গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকার এক কলেজছাত্রের লাশ নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন সেতুর নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। বন্ধুদের সাথে ৩০০ ফিট এলাকায় বেড়াতে গিয়ে নিহত হওয়া ওই শিক্ষার্থীর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহতের পরিবার।
শনিবার (২৯ আগস্ট) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত মেহেদী হাসান দিগন্ত (১৭) গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকার সিরাজ মোড়লের ছেলে এবং গাজীপুর বিজ্ঞান কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
এর আগে, শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দিগন্তের সাথে থাকা তার বন্ধু তুহিন ফোন করে সড়ক দুর্ঘটনার খবর জানায়। তবে ঘটনাস্থল ও লাশের অবস্থা পর্যালোচনা করে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছে পরিবার। সেইসাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে তারা।
নিহতের চাচাতো ভাই আতিকুর রহমান অভিযোগ করে বলেন, কয়েকজন বন্ধু বেড়ানোর কথা বলে পরিকল্পিতভাবে দিগন্তকে ৩০০ ফিট এলাকায় নিয়ে যায়। সেখানে হত্যার পর লাশ কাঞ্চন সেতুর নিচে ফেলে রেখে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়।
পুলিশ জানিয়েছে, দিগন্তের মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনাস্থলে তার সাথে কারা ছিল এবং এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।



