কুড়িগ্রামে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড যৌথ উদ্যোগে সমবায় মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় দিবসটি পালিত হয়।
সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রুটিন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।
এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, বিআরডিবির উপপরিচালক গোলাম রব্বানী, উপপ্রকল্প পরিচালক মো: শামসুদ্দোহা, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন মিয়াসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে বিআরডিবির সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। একইসাথে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, দেশে এবারই প্রথম জাতীয়ভাবে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন করা হচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।


