ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুর রহমান (৫) নামে প্রথম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, দুপুরে উপজেলার সিডস্টোর-আওলাতলী আঞ্চলিক সড়কের ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুর রহমান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উত্তরখাম গ্রামের প্রবাসী মোবারক হোসেন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবারের জন্য মাদরাসা সংলগ্ন রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা শিশু আব্দুর রহমানকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রশিদ জানান, রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয় এবং সে গুরুতর আহত হয়। আমরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে মমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



