দিনাজপুরে স্বামীর ছোড়া পেট্রোলের আগুনে দগ্ধ নারীর মৃত্যু, অভিযুক্ত আটক

শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে অভিযুক্ত মাহবুবুর রহমান জোড়পূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। সেখানে তিনি সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে তাৎক্ষণিক লাইটার দিয়ে আগুনে ধরিয়ে দেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
নিহতের স্বজনদের আহাজারি, (ডানে) ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নিহতের স্বজনদের আহাজারি, (ডানে) ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ |নয়া দিগন্ত

দিনাজপুরের বিরল উপজেলায় বিবাহবিচ্ছেদ হওয়া সাবেক স্বামীর ছোড়া পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে বিরল থানা পুলিশ।

রোববার (২ আগস্ট) সকালে লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে।

জানা গেছে, শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে অভিযুক্ত মাহবুবুর রহমান জোড়পূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। সেখানে তিনি সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে তাৎক্ষণিক লাইটার দিয়ে আগুনে ধরিয়ে দেন। পরে সুমাইয়ার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘাতক স্বামী পালিয়ে যায়।

প্রতিবেশীরা গুরুতর আহত সুমাইয়া আক্তার শ্যামলীকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, সাবেক স্বামী তার স্ত্রীকে পেট্রোলের আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এর আগেও তাকে অস্ত্র দিয়ে হত্যা করতে চেয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজের মর্গে নেয়া হয়েছে। অভিযুক্ত স্বামীকে রাতেই আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।