মাদারীপুর প্রতিনিধি
রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে অপহৃত সাত বছর বয়সি এক শিশুকে উদ্ধার করেছে মাদারীপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। এসময় শিশুটিকে অপহরণে অভিযুক্ত তরুণী যুথিকে (২২) আটক করে পুলিশ। এ ঘটনায় অপহরণ মামলায় যুথিকে গ্রেফতার দেখানো হয়েছে
শনিবার (৫ সেপ্টেম্বর) পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পদ্মা সেতু (দক্ষিণ) থানার আওতাধীন শিবচর এবং নাওডোবা বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহৃত নুসরাত জাহান পরিবারের সাথে রাজধানীর কাফরুল এলাকার ভাড়া বাসায় থাকে। তার বাবা মো: রাজিব পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক।
ওসি আব্দুস সালাম জানান, রাত ১টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং ওই তরুণীকে আটক করা হয়। এরপর কাফরুল থানা পুলিশের কাছে তাদের দুইজনকে বুঝিয়ে দেয়া হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে বুঝে পাওয়ার পর ভোর ৪টার দিকে ভুক্তভোগী নুসরাতকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নুসরাতের মা আমেনা বেগম বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে কাফরুল থানা থেকে আমাদের ফোন করে নুসরাতকে উদ্ধারের খবর জানানো হয়। আমরা গিয়ে ভোর ৪টার দিকে মেয়েকে বাসায় নিয়ে আসি।’
এর আগে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসার সামনে থেকে নুসরাত নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে।
একটি ভিডিওতে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলিতে খেলছিল নুসরাত। এ সময় কালো রঙের কামিজ পরা এক তরুণী তার হাত ধরে কিছুক্ষণ হাঁটার পর নুসরাতকে রিকশায় করে পূর্ব শেওড়াপাড়া থেকে তালতলার দিকে নিয়ে যান।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক বলেন, অপহরণের পর বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগর এলাকার একটি বাসায় নুসরাতকে রাখা হয়। এরপর তাকে নিয়ে গ্রামের বাড়ি মাদারীপুরের উদ্দেশে যাচ্ছিল যুথি। এ ঘটনায় অপহরণ মামলায় যুথিকে গ্রেফতার দেখানো হয়েছে।



