লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় জহুরুল হক ও আব্দুল মজিদ নামে ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে হাতীবান্ধা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল হক হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবী এলাকার তৈয়ব আলীর ছেলে এবং আব্দুল মজিদ একই উপজেলার সিংগীমারী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দিঘীরহাট এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা হাতীবান্ধার দিকে আসছিল। এ সময় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল ও ওই যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী জহুরুল হক ও আব্দুল মজিদ নিহত হন।
দুর্ঘটনায় আরো চারজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, দুর্ঘটনায় নিহত দু’জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


