নগরীর ১ নম্বর ফাঁড়ি পুলিশের ২৭ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। একইসাথে তাদেরকে পৃথক পৃথক আদেশে অন্যান্য থানায় জনস্বার্থে বদলির আদেশ দেয়া হয়।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: আব্দুল্লাহ আল মামুন বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর ১ নম্বর ফাঁড়ি ইনচার্জ মাহাবুব মিল্কী, ৪ জন এসআই, ৫ জন এএসআই এবং ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। অতি দ্রুত ফাঁড়িতে নতুন দায়িত্বপ্রাপ্তদের পদায়ন করা হবে।
থানা পুলিশ সূত্র জানায়, গত ২১ আগস্ট ময়মনসিংহ নগরীর ১ নম্বর ফাঁড়ি পুলিশের আওতাভুক্ত গাঙ্গিনাপাড় এলাকায় ঝটিকা মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে একযোগে ১ নম্বর পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ দায়িত্বে থাকা সবাইকে বদলি করা হয়েছে।
এদিকে, ২১ আগস্ট বিক্ষোভ মিছিলের ঘটনার পর থেকে বিগত ৪ দিনে পুলিশের টানা অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতি জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক, মাসুদ, তানভীর ওরফে লিমন উল্লখযোগ্য।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম বাসসকে বলেন, গত ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে উপপরিদর্শক (এসআই) মাজহার বাদি হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়।
ওই মামলায় গত ৪ দিনে মোট ২০ আসামিকে গ্রেফতার করা হয়। তাদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়াও এই মামলায় অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান চলামান আছে বলেও জানান ওসি।
সূত্র : বাসস



