কালকিনিতে পৌর বাসটার্মিনাল উদ্বোধন, ভোগান্তি অবসানের প্রত্যাশা

ঢাকা বিভাগের সাথে বরিশাল বিভাগের অন্যতম সংযোগস্থল কালকিনির ভূরঘাটায় এতদিন কোনো নির্ধারিত বাস টার্মিনাল ছিল না। এর ফলে মহাসড়কের ওপর বাস দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করা হতো। এতে প্রায়ই তীব্র যানজটে জনদুর্ভোগ তৈরি করত। দীর্ঘ অপেক্ষার পর পৌর প্রশাসনের উদ্যোগে নব নির্মিত পৌর বাস টার্মিনাল উদ্বোধন করায় ভোগান্তি কমার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Location :

Madaripur
পৌর বাস টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুর রহমান তালুকদার এমপি
পৌর বাস টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুর রহমান তালুকদার এমপি |নয়া দিগন্ত

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের কালকিনিতে নবনির্মিত পৌর বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন কালকিনির ভূরঘাটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা বিভাগের সাথে বরিশাল বিভাগের অন্যতম সংযোগস্থল কালকিনির ভূরঘাটায় এতদিন কোনো নির্ধারিত বাস টার্মিনাল ছিল না। এর ফলে মহাসড়কের ওপর বাস দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করা হতো। এতে প্রায়ই তীব্র যানজটে জনদুর্ভোগ তৈরি করত। দীর্ঘ অপেক্ষার পর পৌর প্রশাসনের উদ্যোগে নব নির্মিত পৌর বাস টার্মিনাল উদ্বোধন করায় ভোগান্তি কমার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে টার্মিনালের কার্যক্রম উদ্বোধন করেন।

প্রধান অতিথির হিসাবে বক্তব্যে আনিসুর রহমান তালুকদার (এমপি) বলেন, এ টার্মিনাল শুধু নির্মাণ করলেই হবে না, এটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা সবার দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আপনারা এ টার্মিনাল এমনভাবে রক্ষণাবেক্ষণ করবেন, যাতে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বাস টার্মিনালে পরিণত হয় এবং সবাই এর প্রশংসা করে।

স্থানীয়রা জানান, নতুন বাস টার্মিনাল চালু হওয়ায় মহাসড়কে যানজট কমবে, যাত্রীসেবা আরো সহজ হবে এবং ভূরঘাটা এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।

এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।