সাভার (ঢাকা) সংবাদদাতা
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা হবে। কীভাবে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করা যায় তা বুঝেশুনে সিদ্ধান্ত নেয়া হবে। কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না।’
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় সাভার বাজার এলাকায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী থাকতে পারবে না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’
মন্ত্রী বলেন, ‘নিরাপদ খাদ্য পৌঁছে দেয়ার দায়িত্ব সরকারের। সবাই যাতে নিরাপদ খাদ্য পায় সে বিষয়ে খাদ্য মন্ত্রণালয় সতর্ক রয়েছে।’
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



