গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (২৭ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের একটি দল গাজীপুর সদর থানাধীন গাজারিয়া পাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিমোহনী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ ভ্যানে করে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বাসিন্দা আরিফ ভূঁইয়াকে (২৭) গ্রেফতার করা হয়। পরে তার হেফাজতে থাকা পিকআপ ভ্যান তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে গাজীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল জানান, মাদক নির্মূলে মহানগর গোয়েন্দা পুলিশ জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করছে। মাদক কারবারে যারাই জড়িত থাকুন না কেন কোনো ছাড় দেয়া হবে না।



