ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘গত ১৭ বছরে সংবাদ মাধ্যমে অনেক অসঙ্গতি, সত্য সংবাদ ও বাস্তব চিত্র যথাযথভাবে উঠে আসেনি।’
তিনি বলেন, ‘এখন মুক্ত পরিবেশে এবং গণতান্ত্রিক পরিবেশে যতগুলো সংবাদ মাধ্যম আছে, রাঙ্গামাটিসহ দেশের অন্যান্য এলাকায় সেগুলো যেন জনগণের মনের ভাষা বোঝে এবং দেশের স্বার্থ সমুন্নত রেখে সংবাদ পরিবেশন করে। সেদিকে যেন সচেষ্ট থাকে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে তারা যেন সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখে।’
রোববার (২৩ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাঙ্গামাাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনিল কান্তি দে, প্রেস ক্লাবের সহ-সভাপতি অলি আহমেদ প্রমুখ।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের দায়িত্ব হলো জনগণের কথা তুলে ধরা এবং সমাজের অসঙ্গতি ও সমস্যাগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের উন্নয়ন, সম্ভাবনা ও মানুষের সমস্যাগুলো গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনা সরকারের কাছে তুলে ধরা সম্ভব। এতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন আরো কার্যকর হবে বলে আশা করছি।’
এর আগে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙ্গামাটি কার্যালয়ের কয়েকটি অনুষ্ঠানে যোগদান করেন।



