দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাই বজলুর রহমান বাদালের হাসুয়ার আঘাতে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫২) নিহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমদাদুল হক ও অভিযুক্ত বজলুর রহমান ওই এলাকার সুলতান বাদালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় বড় ভাই বজলুর রহমান দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন। এতে ইমদাদুল মারাত্মকভাবে আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ আলী বলেন, ‘নিহত ইমদাদুল হক বাদাল কৃষি কাজ করতেন। জমি নিয়ে নিজ ভাইয়ের হাতে খুন হওয়ার বিষয়টি দুঃখজনক।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


