বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর বদলগাছী উপজেলায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মেহেরপুর জেলার বাসিন্দা নূর ইসলাম ও তার স্ত্রী সুমাইয়া আক্তার। ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল। সুমাইয়া কার্তিকাহার গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, শনিবার (২৫ জুলাই) বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সাথে গোসল করতে নামেন তিনি। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন তার স্ত্রী। একপর্যায়ে নূর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে নামেন সুমাইয়া। এরপর তিনিও নিখোঁজ হন।
ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর দু’জনকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: কাজী তাহরিমা আক্তার মুন্নি বলেন, স্থানীয় লোকজন দু’জনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, হাসপাতালেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি-না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।



