লালমোহন (ভোলা) সংবাদদাতা
দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারটি টিউবওয়েলের সবগুলোই নষ্ট হয়ে পড়ে আছে মাসের পর মাস। এছাড়া ২০২২ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর থেকে সাতটি পানির ট্যাব বসানো হয়। সেগুলোতেও গত কয়েক মাস ধরে পানি উঠছে না অকেজো পড়ে রয়েছে। এতে করে রোগীর স্বজনদের দূর থেকে গিয়ে পানি আনতে হচ্ছে। ফলে বিশুদ্ধ পানির সঙ্কটে রোগী এবং রোগীর স্বজনদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা কয়েকজন রোগীর পরিবার জানায়, হাসপাতালের মধ্যে থাকা সবগুলো টিউবওয়েল ও পানির ট্যাব নষ্ট। এগুলোতে পানি উঠছে না। যার জন্য রাত-বিরাতে দূর থেকে গিয়ে পানি আনতে হয়। এ জন্য অনেক কষ্ট ও পরিশ্রম করতে হচ্ছে রোগীর স্বজনদের। অনেক সময় রাতের বেলায় দূর থেকে পানি আনতে হয় বিষয়টি মহিলাদের জন্য আরো বেশি দুর্ভোগের। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন— দ্রুত সময়ের মধ্যে যেন হাসপাতালের সবগুলো পানির ট্যাব ও টিউবওয়েল মেরামত করা হয়।
অন্যদিকে নামপ্রকাশে অনইচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন স্টাফ বলেন, কয়েক মাস ধরেই পানির টিউবওয়েল এবং ট্যাবগুলোতে পানি উঠছে না। এতে করে হাসপাতাল এলাকার মসজিদের টিউবওয়েল থেকে পানি আনতে হচ্ছে। যা অনেক কষ্টসাধ্য। যার জন্য আমাদের এবং হাসপাতালের রোগী, রোগীর স্বজন ও মসজিদের মুসল্লিদের সমস্যায় পড়তে হয়। এ জন্য দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের নিজস্ব টিউবওয়েল ও পানির ট্যাবগুলো মেরামত করা জরুরি।
এছাড়া লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের বেসিনটিতেও পানি পড়ছে না গত এক মাস ধরে। এ নিয়ে ক্ষুব্ধ জরুরি বিভাগে দায়িত্বরতরা।
জরুরি বিভাগে দায়িত্ব পালন করা নামপ্রকাশে অনেচ্ছুক কয়েকজন জানান, হাসপাতালের জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে অনেক কাজ। তবে এখানের বেসিনটিতে এখন পানি পড়ছে না। যার জন্য প্রয়োজনীয় কাজ শেষে অন্য রুম অথবা বাহিরে গিয়ে হাত ধুঁতে বা পরিস্কার করতে হয়। এই বেসিনটিতে পানি সরবরাহের জন্য শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবী জানিয়েছেন তারা।
এদিকে হাসপাতালের মেঝেতে যেখানে রোগীরা চিকিৎসা নিচ্ছেন সেখানেই ময়লা আবর্জনা ও অপরিষ্কার লক্ষ করা গিয়েছে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত জুনিয়র মেকানিক্স মো: মাহফুজ বলেন, ‘গত কয়েক মাস ধরে পানির ট্যাব ও টিউবওয়েলগুলোতে পানি উঠছে না। বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্তৃপক্ষ আমাকে প্রয়োজনীয় মালামাল দিলে পানির ট্যাব ও টিউবওয়েলগুলো মেরামত করব।’
এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: মো: আবু মাহমুদ তালহা জানান, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে পানি সরবরাহ রয়েছে। তবে টিউবওয়েল ও পানির ট্যাবগুলোতে একটু সমস্যা রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া জরুরি বিভাগের বেসিনটিতে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। এবং হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব।



