ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে খেলা। তবুও খুব বেশি আলোচনায় নেই এই সিরিজ। পুরো ক্রীড়াঙ্গন বুঁদ বিশ্বকাপ ফুটবলের অপেক্ষায়, আর দেশের ক্রিকেটপাড়া মত্ত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে।
তবে সব ছাপিয়ে আজ মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলবে টাইগারা। বেলা ১১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াবে খেলা।
ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের পর নিউজিল্যান্ড- ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে সর্বশেষ তিনটি সিরিজেই। তাতে সাফল্যের বড় কারিগর ছিলেন পেসাররা, শেষ দুই সিরিজের সেরাও হন নাহিদ রানা।
এই সিরিজেও তাদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। নাহিদ রানার পাশাপাশি শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরাও আছেন ছন্দে। তাদের থেকে যেকোনো তিনজন থাকবেন আজ একাদশে।
একাদশের নমুনা ধারণা করাই যায় অবশ্য। দারুণ ছন্দে থাকা ওপেনার তানজিদ তামিমের সাথে দেখা যেতে পারে সাইফ হাসানকে। তিনে জায়গা ধরে রেখেছেন নাজমুল হোসেন শান্ত।
শান্ত শেষ ম্যাচেও করেছেন সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ১১৯ বলে ১০৫ রানের ইনিংস। টপ অর্ডার থেকে সরে এসে চারে দীর্ঘদিন যাবত খেলছেন লিটন দাস। আজকেও খেলবেন একই জায়গায়।
পাঁচে খেলবেন তাওহীদ হৃদয়। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন এই ব্যাটার। ৮ ইনিংসে ৮৮ গড়ে ৫২৮ রান করেন হৃদয়। স্ট্রাইকরেটও বেশ ভালো, ১২২.৭৯।
ছয়ে হয়তো দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে। চার বছর পর জাতীয় দলে ফিরেছেন এই অলরাউন্ডার। তিনিও ভালো ছন্দে ছিলেন প্রিমিয়ার লিগে। ৬৭ গড় আর ১৩৪ স্ট্রাইকরেটে ৩৩৬ রান তার।
আবার বল হাতেও সফল তিনি। ৪ ইকোনমিতে নিয়েছেন ৮ ইনিংসে ১২ উইকেট। সব মিলিয়ে জাতীয় দলের জন্য যেন প্রস্তুত তিনি। আশা করা যায় নিজেকে প্রমাণ করার সুযোগও পাচ্ছেন মোসাদ্দেক।
সাতে অধিনায়ক মেহেদী মিরাজ এখন নিয়মিতই খেলে থাকেন। আটে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। বাংলাদেশের স্পিন আক্রমণের অন্যতম ভরসা রিশাদ হোসেন।
অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলার অভিজ্ঞতাও আছে তার। সর্বশেষ বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি। এবার ঘরের মাঠে অজিদের বিপক্ষে তিনি হতে পারেন তুরুপের তাস।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।



