৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো শুরু করলেও মাঝের ওভারে ধস নামে বাংলাদেশ ইনিংসে। ২৮ ওভারে ৪ উইকেটে ১৫৩ রান করে চাপে পড়েছে টাইগাররা।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

১৬ ওভারেই তিন অঙ্কে পা দিয়েছিল বাংলাদেশ, ১ উইকেটে তুলে ১০২ রান। তবে পরের ১০ ওভারে দেখা গেল উল্টা চিত্র। এসেছে মাত্র ৪২ রান, এই সময়ে হারিয়েছে ৩ উইকেট।

সব মিলিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। বিপরীতে স্বস্তি ফিরেছে অস্ট্রেলিয়া শিবিরে। এই মুহূর্তে ২৮ ওভার শেষে দলের রান ৪ উইকেটে ১৫৩। মোসাদ্দেক ১১ ও হৃদয় ৮ রানে ব্যাট করছেন।

শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই হারায় সাইফ হাসানের (৫) উইকেট। তবে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে টানেন দলকে।

দু’জনের জুটিতে আর কোনো বিপদ ছাড়াই পাওয়ার প্লেতে আসে ৬২ রান। এরপর তামিম ক্যারিয়ারের সপ্তম ফিফটি ছুঁয়েছেন ৪১ বলে। তবে ইনিংসটা আর বড় হয়নি, ৪৪ বলে ৫৪ রান নিয়ে থামেন তিনি।

তামিম ফেরার পরপরই লিটন দাসকে সাক্ষী রেখে ফিফটি পূরণ করেন শান্ত। ওয়ানডেতে নিজের ১২তম ফিফটি তুলে নেন ৫৭ বলে। তবে লিটনের সাথে জুটি জমেনি তার, ৯ বলে ৭ করে ম্যাট রেনশের শিকার হন লিটন।

এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন শান্ত। তবে পারেননি, ২৫.৩ ওভারে দলকে ১৪০ রানে রেখে ফেরেন তিনি। উড়িয়ে মারতে গিয়ে ৮৬ বলে ৬৭ রান করে আউট হন শান্ত।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মঙ্গলবার টসে হেরে ব্যাট করছে টাইগাররা। মিরপুরে বেলা ১১টায় শুরু হয়েছে খেলা।